ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম আলোচিত ও নজরকাড়া ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, পল্টন ও রমনা) আসনে নাটকীয় লড়াই শেষে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাত পৌনে চারটায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।
বিজয় পরবর্তী চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মির্জা আব্বাস মোট ভোট পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬টি (কেন্দ্র থেকে ৫৬,৫৫২ ও পোস্টাল ভোট ২,৮১৪)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট (কেন্দ্র থেকে ৫১,৫৭২ ও পোস্টাল ভোট ২,৫৫৫)। মির্জা আব্বাস ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
ফলাফল ঘিরে রাতভর উত্তেজনা ও বাতিল ভোট নিয়ে বিতর্ক: এই আসনের ফলাফল ঘোষণা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সমর্থকরা ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলেছেন। বিশেষ করে ‘বাতিল ভোট’ নিয়ে দুই পক্ষই রিটার্নিং কর্মকর্তার কাছে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, ধানের শীষের বক্সের পাশের ফাঁকা জায়গায় দেওয়া সিলগুলো গণনায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নিয়মবহির্ভূত। এই দাবিতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাত আড়াইটায় সংবাদ সম্মেলন করে ভোট পুনরায় গণনার দাবি জানান।
অন্যান্য প্রার্থীদের অবস্থা: আসনটিতে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লাহ (হাতপাখা), যিনি পেয়েছেন ১ হাজার ৪৩৬ ভোট। এ ছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) পেয়েছেন ৬০৮ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঢাকা-৮ আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ৪৮৪ জন ভোট দিয়েছেন। ২ হাজার ৮১৭টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে এবং বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৬৭টি।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ