নরসিংদীতে বিএনপির ‘ক্লিন সুইপ’: ৫ আসনেই ধানের শীষের বিশাল জয়

নরসিংদীতে বিএনপির ‘ক্লিন সুইপ’: ৫ আসনেই ধানের শীষের বিশাল জয়

মো. নূরনবী সানি, নরসিংদী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে জেলার ৬টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রতিটি আসনেই ধানের শীষের প্রার্থীরা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে পরাজিত করেছেন।

নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ইব্রাহিম ভূঞা পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন পেয়েছেন ৫৫ হাজার ১৬১ ভোট। নরসিংদী-৩ (শিবপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ৮১ হাজার ৪১৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন এবং তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে বিশাল জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। অন্যদিকে, নরসিংদী-৫ (রায়পুরা) আসনে প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট।

নরসিংদীর ৫টি আসনে ৬৬৩টি ভোটকেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাবের কঠোর নিরাপত্তায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। জেলায় ভোট প্রদানের হার ছিল গড়ে ৫৩ থেকে ৬১ শতাংশ। বিজয় নিশ্চিত হওয়ার পর জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় নির্দেশনা মেনে কোনো বিজয় মিছিল করা হবে না; বরং আজ শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন