জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
মো. ইমরান মাহমুদ (বিশেষ প্রতিনিধি): জামালপুরের দেওয়ানগঞ্জে এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. ইউনুস আলী (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা ভুক্তভোগী তরুণীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইউনুস আলী দেওয়ানগঞ্জ উপজেলার কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী ও আসামি একই গ্রামের পাশাপাশি বাড়ির বাসিন্দা। সেই সুবাদে যাতায়াতের পথে ইউনুস প্রায়ই তাঁকে কুপ্রস্তাব দিতেন এবং প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইল নম্বর সংগ্রহ করেন। বিষয়টি তরুণী তাঁর মা-বাবাকে জানালে তাঁরা ইউনুসের অভিভাবকদের অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ইউনুস।
এর জেরে ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তরুণী বাড়ির টিউবওয়েল পাড়ে পানি আনতে গেলে আগে থেকে ওত পেতে থাকা ইউনুস পেছন থেকে তাঁর মুখ চেপে ধরে পাশের একটি স্থানে নিয়ে যান এবং তাঁকে ধর্ষণ করেন।
এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারলে ইউনুস তাঁকে বিয়ের আশ্বাস দেন। তবে পরবর্তীতে বিভিন্ন অজুহাতে তিনি বিয়ের বিষয়টি এড়িয়ে যান। বিয়ে না করায় সামাজিক সম্মানহানির আশঙ্কায় ৮ সেপ্টেম্বর ওই তরুণী বিষপান করেন। পরে তাঁকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং ১১ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।
পরবর্তী সময়ে ইউনুসের মা-বাবা ও স্থানীয় চেয়ারম্যানের কাছে ঘটনার বিচার চাইলে তাঁরা টাকার বিনিময়ে আপস-মীমাংসার প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। থানা মামলা না নেওয়ায় পরবর্তীতে তিনি আদালতে মামলা দায়ের করেন।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) ফজলুল হক জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে সাতজন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা