নিকলীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ণ
নিকলীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শফিকুল ইসলাম, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে পুলিশের বিশেষ অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩০০ টাকাসহ তাইজ উদ্দিন (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিকলী থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে আটটার দিকে নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার তাইজ উদ্দিন ওরফে তাজু পাগলা ছাতিরচর মধ্যপাড়া এলাকার মৃত সাদির পাগলার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিএসআই সাগর বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ছাতিরচর মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাইজ উদ্দিন পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি কালো রঙের পলিথিনে থাকা ৩২ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। স্থানীয়দের তথ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে নিকলীর বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার তাইজ উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বিশেষ অভিযানে ৩২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নিকলী থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।"

এআইএল/সকালবেলা