নিকলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আনন্দ শোভাযাত্রা
শফিকুল ইসলাম, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কিশোরগঞ্জের নিকলীতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় নিকলী উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা।
সকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভূমি অফিস মোড়, গার্লস স্কুল মোড়, নতুন বাজার ও ঈদগাহ প্রদক্ষিণ করে এমপি মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শোভাযাত্রা শেষে থানা মসজিদ মোড়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাজী বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ডা. কফিল উদ্দিন আহমেদ, শ্রমবিষয়ক সম্পাদক মো. এনামুল হক, সহদপ্তর সম্পাদক রফিকুল আলম, সহসাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মামুন এবং সহপ্রচার সম্পাদক দিদারুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন, সদস্যসচিব মো. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আরিফ ও তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শরিফুল হক, উপজেলা কৃষকদলের সহসভাপতি মো. জালাল উদ্দিন এবং কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাকিবুল হাসানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। বিএনপি প্রতিবছর দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নিকলীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।
এআইএল/সকালবেলা