মেজর আখতারের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা, বিএনপির সংবাদ সম্মেলন
মিজানুর রহমান (কটিয়াদী, কিশোরগঞ্জ প্রতিনিধি): কিশোরগঞ্জের কটিয়াদীতে শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্রকে মারধর এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। এসব ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির নেতারা। একই সঙ্গে মেজর (অব.) আখতারুজ্জামান ও কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘিরে অপপ্রচারের অভিযোগও তুলেছেন তাঁরা।
রোববার (৮ নভেম্বর) উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।
সংবাদ সম্মেলনে সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ বলেন, শাহরিয়ার জামান রানা ছুরিকাহত হওয়ার পর মেজর (অব.) আখতারুজ্জামান তাঁর সঙ্গে ফোনে কথা বলেন। পরদিন সকালে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, তাজুল শাহ নামের এক জামায়াতকর্মী এ ঘটনায় জড়িত। তবে ছুরিকাঘাতের ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, একটি বিচ্ছিন্ন ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপিকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।
সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, গত ৪ নভেম্বর রাতে গচিহাটা বাজারে একাদশ শ্রেণির শিক্ষার্থী ও শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আফতাব উদ্দিন জয়কে মাদক সেবনের সন্দেহে চড় মারার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদ জানাতে তাঁর চাচা মো. তাজুল শাহ বাজারে গেলে শাহরিয়ার জামান রানার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাজুল শাহের ছুরিকাঘাতে রানা আহত হন বলে ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।
তিনি বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। কিন্তু এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের যৌক্তিকতা কী? তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে নিরপরাধ নেতাকর্মীদের মামলায় জড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের মাদকবিরোধী কার্যক্রমের পরিসংখ্যানও তুলে ধরেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৪ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর তাঁর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪৯টি মামলা হয়েছে এবং ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৪ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা মূল্যের মাদক ও মাদক বিক্রিসংশ্লিষ্ট নগদ অর্থ উদ্ধার করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। মাদক সেবনের অভিযোগে ৯৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলেও তাঁরা জানান।
বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশের মাদকবিরোধী কার্যক্রমকে বিতর্কিত করতেই মেজর (অব.) আখতারুজ্জামানকে ঘিরে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামানের কোনো বক্তব্য সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়নি।
এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের সহশ্রাম ছাইমুন্নেছা ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভূঁইয়া।
তিনি অভিযোগ করেন, আফতাব উদ্দিন জয়কে মারধরের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে তাঁর চাচা তাজুল শাহের সঙ্গে শাহরিয়ার জামান রানার বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে রানা ছুরিকাঘাতে আহত হন।
ওই সংবাদ সম্মেলনে আফতাব উদ্দিন জয়ের বড় বোন আফিমা বেগম বলেন, তাঁর ভাই দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী। তাঁকে মারধরের ঘটনার সুষ্ঠু বিচার চান তাঁরা। একই সঙ্গে ঘটনাটিকে রাজনৈতিক রূপ না দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
উপজেলা বিএনপির সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সহসভাপতি মিজানুর রহমান স্বপন ও শফিকুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু এবং সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান। এ সময় ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা