মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জানুয়ারিতে চালু হচ্ছে আইসিটি ও ভাষা শিক্ষা কোর্স: ড. মামুন

প্রকাশ: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জানুয়ারিতে চালু হচ্ছে আইসিটি ও ভাষা শিক্ষা কোর্স: ড. মামুন

নিজস্ব প্রতিবেদক: সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী দক্ষ ও প্রযুক্তিমনস্ক মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আগামী জানুয়ারি মাসের মধ্যেই বিশেষ ভাষা শিক্ষা ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কোর্স চালু করা হচ্ছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এই গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন।

গত রবিবার (৮ নভেম্বর ২০২৬) রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘দক্ষতাভিত্তিক মাদ্রাসা শিক্ষা ও কর্মসংস্থান: আগامی বাংলাদেশ বিনির্মাণে সরকারের ভাবনা’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. মামুন এই ঘোষণা দেন।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষ মানবসম্পদ তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এজন্য শুধু প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের উপযোগী প্রায়োগিক দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের ভাষাগত ও আইসিটি দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা অত্যন্ত জরুরি, যা তাদের দেশি ও আন্তর্জাতিক কর্মবাজারে নিজেদের যোগ্যতা প্রমাণে সহায়তা করবে।

মাদ্রাসা শিক্ষাকে সময়োপযোগী ও কর্মমুখী করার ওপর জোর দিয়ে ইউজিসির এই সদস্য জানান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় দেশের আটটি বিভাগে মোট আটটি আধুনিক প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হবে। এসব সেন্টারের মাধ্যমেই শিক্ষার্থীরা ভাষা শিক্ষা ও আইসিটি বিষয়ক প্র্যাকটিক্যাল ট্রেনিং গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সহজলভ্য ও বিস্তৃত হবে। শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং দক্ষ জনশক্তি ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষাতেও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), আইসিটি, সাইবার নিরাপত্তা, রোবটিকস এবং ডেটা সায়েন্সের মতো আধুনিক প্রযুক্তির ছোঁয়া পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাহীনুল ইসলাম এবং কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে সেমিনারে রংপুর বিভাগের বিভিন্ন ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

সকালবেলা / নুসরাত