দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চাইলেন শেখ হাসিনা
অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন। নতুন করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আইনজীবীদের পাঠানো একটি চিঠির সূত্র ধরে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার। এর অংশ হিসেবেই তিনি এই আবেদন করেছেন। গত ২০২৪ সালে দেশ ছাড়ার পর এই প্রথম তিনি নিজের আইনি ও নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য এ ধরনের কোনো জোরালো পদক্ষেপ নিলেন। এর আগে শেখ হাসিনা বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, তিনি দেশে ফিরে নিজ দেশের আদালতে আইনিভাবে আত্মসমর্পণ করতে আগ্রহী। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, দেশে ফেরার সমস্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় প্রাণঘাতী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিলেন। তবে ভারত থেকে দেওয়া বিভিন্ন বিবৃতিতে তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসছেন।
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক স্বনামধন্য আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার পূর্বের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে। বর্তমান পরিস্থিতিতে তার নাগরিক অধিকারের ভিত্তিতে জরুরিভিত্তিতে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির বাধ্যবাধকতার কথাও চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
তবে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং ঢাকার সরকারি মহলে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সকালবেলা / নুসরাত