নেত্রকোনার শ্রেষ্ঠ উদ্যোক্তা মদনের ইয়াছিন মিয়া
মদন (নেত্রকোনা) প্রতিনিধি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন মদন উপজেলার হাঁসের হ্যাচারির সফল উদ্যোক্তা ইয়াছিন মিয়া।
রোববার (৮ নভেম্বর) নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান (এডভোকেট), পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন ও জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়াসহ অন্যান্য অতিথিরা।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে উদ্যোক্তা ইয়াছিন মিয়া বলেন, এই স্বীকৃতি তাঁর কাজকে আরও গতিশীল ও উৎসাহিত করবে। হাঁসের হ্যাচারি ও উদ্যোক্তা কার্যক্রম নিয়ে তিনি ইতোমধ্যে একটি বই প্রকাশ করেছেন। তাঁর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় বইটি জাতীয় পর্যায়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে এবং ভবিষ্যতে তিনি জাতীয় পর্যায়েও এই স্বীকৃতি লাভ করবেন।
মদন উপজেলার একজন সফল উদ্যোক্তা হিসেবে জেলা পর্যায়ে এই সম্মাননা অর্জন করায় তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
এআইএল/সকালবেলা