ফেনীতে ‘ক্লিন সুইপ’ বিএনপির: ৩ আসনেই জয়ী ধানের শীষ

ফেনীতে ‘ক্লিন সুইপ’ বিএনপির: ৩ আসনেই জয়ী ধানের শীষ

জহিরুল হক মিলন, ফেনী: দীর্ঘদিনের পরিচিতি অনুযায়ী আবারও ‘বিএনপির ঘাঁটি’ হিসেবে নিজেদের প্রমাণ করল ফেনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার তিনটি সংসদীয় আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশ ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হওয়া এই ভোটযুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে ধানের শীষের এই নিরঙ্কুশ জয় নিশ্চিত হয়েছে।

ফেনীর তিন আসনের চূড়ান্ত ফলাফল নিচে তুলে ধরা হলো:

ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম): সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই আসনে ধানের শীষের প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১২১টি কেন্দ্রের সবকটিতেই তার আধিপত্য ছিল লক্ষণীয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এস এম কামাল উদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৫ হাজার ৬১৫ ভোট।

ফেনী-২ (ফেনী সদর): ফেনীর রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সদর আসনে বিজয়ী হয়েছেন বর্ষীয়ান নেতা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান ভুঁইয়া মঞ্জু (ঈগল প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট। ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থী মজিবুর রহমান মঞ্জু নবনির্বাচিত সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপিকে অভিনন্দন জানিয়ে রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।

ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা): জেলায় সবচেয়ে বেশি ভোটারের এই আসনে বড় জয় পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টু। ১৬১টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট।

বিজয় নিশ্চিত হওয়ার পর ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কোনো প্রকার বিজয় র‍্যালি করা হবে না। আজ শুক্রবার জুমার নামাজে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, "আমরা মানুষের জন্য কাজ করতে চাই এবং এই লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করছি।"

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফেনীর ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ১৩ লাখের বেশি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষে এখন সরকারি গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন