কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি কুখ্যাত ডাকাত হযরত গ্রেপ্তার
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় খুন, ডাকাতি, অপহরণ ও চুরিসহ ১৭টি মামলার পলাতক আসামি হযরত আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার হযরত আলী জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে। জেলা পুলিশের তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসী দীর্ঘদিন ধরে হাওরাঞ্চলে ত্রাস সৃষ্টি করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হযরত আলী একটি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং হাওর এলাকায় নৌডাকাতি ও চুরির অন্যতম মূল হোতা। ইটনা ও মিঠামইন থানায় তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও মারামারিসহ অন্তত ১৭টি মামলা বিচারাধীন রয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান জানান, গত বর্ষা মৌসুমে হাওরাঞ্চলে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন হযরত আলী। তাঁকে ধরতে পুলিশ এর আগেও বেশ কয়েকবার অভিযান চালালেও প্রতিবারই তিনি কৌশলে গা ঢাকা দিতেন।
পুলিশ আরও জানায়, বুধবার রাতে উপজেলার ছিলনী সেতু এলাকায় হযরত আলী দলবল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পার্শ্ববর্তী কাকটেঙ্গুর গ্রামে গিয়ে আত্মগোপন করেন। এরপর রাতভর ওই গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়েও তাঁর সন্ধান না পেয়ে দিনের বেলাতেও তল্লাশি অব্যাহত রাখে পুলিশ। অবশেষে দুপুর আড়াইটার দিকে একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের বিশেষ দল।
উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দত্ত, এ কে এম মোশারফ হোসেন, মো. সালাহ উদ্দিন, মো. সামছুল আলম সাব্বির এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর ভূঁইয়া, মোস্তাক হোসেন ও মো. মেহেদী হাসানের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল এই অভিযানে অংশ নেয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এআইএল/সকালবেলা