দেবিদ্বারে ফসলি জমির মাটি কাটায় ট্রাক জব্দ

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ণ
দেবিদ্বারে ফসলি জমির মাটি কাটায় ট্রাক জব্দ

সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার, কুমিল্লা): কুমিল্লার দেবিদ্বারে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক ও একটি ভেকুর (এক্সকাভেটর) দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় এই অভিযান চালানো হয়।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের যৌথ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ফসলি জমি ধ্বংসকারী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা