ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্কঃ বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম, অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে কাজ করছে।
তিনি জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
সবুজ শিল্পায়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। এছাড়া বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের প্রসার এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।
পরিবেশ সংরক্ষণে সরকারের মেগা পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যান, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের মাধ্যমে জলবায়ু সহনশীলতা জোরদার করা হচ্ছে।
বিশ্বের বিদ্যমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান অর্থায়ন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় বোঝা সৃষ্টি করছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন।”
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বাংলাদেশ জলবায়ু মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন: ১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে এবং নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে। ২. জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জরুরি ঋণ ও ত্রাণ সুবিধা চালু করতে হবে। ৩. পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করতে হবে। ৪. সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে হবে। ৫. ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।
এছাড়া জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্ব নেতাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপান্তর করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।