দেশজুড়ে অবৈধ ইটভাটা বন্ধে কড়া নির্দেশ হাইকোর্টের

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ণ
দেশজুড়ে অবৈধ ইটভাটা বন্ধে কড়া নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্কঃ সারাদেশের সকল অবৈধ ইটভাটা অবিলম্বে বন্ধ করার জন্য সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে কড়া নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই আদেশ যথাযথভাবে প্রতিপালন করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থের এক মামলার শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিপি)-এর করা আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে ইটভাটা মালিকদের পক্ষে আইনজীবী মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, এইচআরপিবির করা জনস্বার্থের একটি মামলায় হাইকোর্ট এর আগে ২০২২ সালের ১৩ নভেম্বর রুল জারি করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতে আবেদন করে আদেশ সংশোধনের প্রার্থনা জানানো হয়। তবে আদালত সকল অবৈধ ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিলের আগের নির্দেশ বহাল রাখেন এবং এর পরই দেশব্যাপী উচ্ছেদ অভিযান শুরু হয়।

পরবর্তীতে জিগজ্যাগ ইটভাটাকে আদেশের বাইরে রাখার আবেদন করা হলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের মূল আদেশ বহাল রাখেন হাইকোর্ট। এমনকি বিভিন্ন ইটভাটার মালিকরা এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গেলেও কোনো ধরনের স্থগিতাদেশ পাননি এবং আপিলগুলো পরবর্তীতে খারিজ হয়ে যায়।

আইনজীবী মনজিল মোরসেদ আরও জানান, সম্প্রতি কিছু অবৈধ ইটভাটার মালিক পুনরায় গোপনে তাদের কার্যক্রম চালুর পাঁয়তারা করছে—এমন সংবাদ পেয়ে এইচআরপিবির পক্ষ থেকে আদালতে একটি নতুন আবেদন দাখিল করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে সকল পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আদালত এইচআরপিবির আবেদনটি মঞ্জুর করেন।

আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, পূর্বে দেওয়া বিভিন্ন নির্দেশনা অনুসারে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধ করতে পরিবেশ অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে উচ্ছেদ অভিযาน বা তদারকির সময় কোনো অবস্থাতেই বৈধ ইটভাটার মালিকদের যেন হয়রানি করা না হয়, সে বিষয়েও কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।