গৌরনদীতে গরু চোর সন্দেহে আটক ১, ঘরে আগুন
সাঈদ পান্থ (বরিশাল): বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের সাহাজিরা গ্রামে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা একটি গোয়ালঘর ও বসতভিটার ঘরে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহাজিরা গ্রামের আজিজ মীরের গোয়ালঘর থেকে আদম আলী শিকদার নামের এক ব্যক্তির একটি চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়। আদম আলী জানান, রাতে বৃষ্টির মধ্যে গরুর পায়ের ছাপ অনুসরণ করে তিনি আজিজ মীরের বাড়িতে যান এবং গোয়ালঘরের কাছ থেকে গরুটি শনাক্ত করেন।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটে আসছে। কিছুদিন আগে নাসির খান নামের আরেক ব্যক্তির একটি গরু হারিয়ে যাওয়ার পর একটি গোবরের গাদা থেকে গরুর রশি ও চামড়ার অংশ উদ্ধারের দাবি করা হয়। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির সঙ্গে শাকিল, নয়ন ও লিটন নামে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে স্থানীয়রা দাবি করেছেন।
খবর পেয়ে শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিক ও এসআই শাহরুখের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জনতার সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয়। তবে আটক ব্যক্তিকে ঘিরে চলা উত্তেজনার একপর্যায়ে একটি গোয়ালঘর ও বসতঘরের ঘরে আগুন দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা