চলাচলযোগ্য রাস্তার অভাবে দুর্ভোগে নওগাঁর আরজী বিষ্ণুপুরবাসী
আবু ইউসুফ (নওগাঁ প্রতিনিধি): প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকলেও একটি চলাচলযোগ্য রাস্তার অভাবে বছরের পর বছর ধরে চরম অবহেলিত জীবন কাটাচ্ছেন নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রবাসী অধ্যুষিত আরজী বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা।
গ্রামটিতে প্রায় ৬০০ মানুষের বসবাস, যার ৬০ থেকে ৭০ শতাংশ পুরুষই প্রবাসে জীবন কাটাচ্ছেন। অথচ তাঁদের বৃদ্ধ বাবা-মা, স্ত্রী-সন্তানদের প্রতিদিনের জীবন কাটছে যোগাযোগব্যবস্থার সীমাহীন ভোগান্তিতে। জরুরি চিকিৎসা, শিক্ষার্থীদের যাতায়াত ও কৃষিপণ্য বাজারজাতকরণে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে একটি স্থায়ী রাস্তার অভাব।
স্থানীয়দের ভাষ্য, পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত কয়েক প্রজন্ম রাস্তার দাবি জানিয়ে আসছেন। অনেক প্রবীণ মানুষ দাবি জানাতে জানাতে পৃথিবী ছেড়েছেন, এখন চতুর্থ প্রজন্মের সন্তানরাও একই দাবিতে ক্লান্ত। অথচ অবাক করা বিষয় হলো, গ্রামটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও এলজিইডির আওতায় সড়কটি এখনো নিবন্ধিত হয়নি।
সরেজমিনে দেখা যায়, চলাচলের অনুপযোগী সরু মেঠোপথই গ্রামবাসীর একমাত্র ভরসা। একটু বৃষ্টি হলেই নিচু পথ পানিতে তলিয়ে যায়। গ্রামের কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে চরম বিপাকে পড়তে হয়; অনেক সময় চ্যাংদোলায় করে রোগী বহন করতে হয়। এমনকি জরুরি প্রয়োজনে বাড়তি ভাড়াও ভ্যান পাওয়া যায় না।
গ্রামের বয়োজ্যেষ্ঠ হেলাল উদ্দীন, ইয়াছিন, মোজাম্মেলসহ প্রবাসী আজিজুল, শহিদুল, আছাদুল আলম জুয়েল ও জনিরা জানান, রাস্তার অভাবে আরজী বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ চার গ্রামের পড়ুয়ারা দুর্ভোগ পোহাচ্ছে। কৃষিপণ্য বাজারে নিতে না পেরে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বিয়ে-শাদিসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে।
দীর্ঘদিনের এই দুর্ভোগের খবর পেয়ে গত ৯ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুর্য কুমার অধিকারীসহ গ্রামটি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় প্রথমবার কোনো ইউএনওকে কাছে পেয়ে গ্রামবাসী তাঁদের বঞ্চনার কথা তুলে ধরেন। পরিদর্শনের সময় ইউএনও সড়ক, বিদ্যালয়ের ভবন ও মাঠসহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস দেন। তবেবাসীর প্রত্যাশা, এই আশ্বাস যেন কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং দ্রুত স্থায়ী সড়ক নির্মাণের মাধ্যমে যুগের পর যুগের এই বঞ্চনার অবসান ঘটে।
এআইএল/সকালবেলা