ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। জেলার কোনো আসনেই প্রতিপক্ষরা বিএনপির প্রার্থীদের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। সুনামগঞ্জ–১ (ধর্মপাশা–মধ্যনগর–তাহিরপুর–জামালগঞ্জ) আসনে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬৪ হাজার ২৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা তোফায়েল আহমদ খান পেয়েছেন ৮৯ হাজার ৩৩৪ ভোট।
সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে বিএনপির নাছির উদ্দিন চৌধুরী ৯৭ হাজার ৭৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে পরাজিত প্রার্থী জামায়াত মনোনীত মোহাম্মদ শিশির মনির ৫৭ হাজার ৮৫৮ ভোট পেয়ে ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানিয়ে রাজনৈতিক শিষ্টাচারের পরিচয় দিয়েছেন। সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিএনপির মোহাম্মদ কয়ছর আহমেদ ৯৬ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন।
সুনামগঞ্জ–৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির নূরুল ইসলাম নূরুল ৯৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. সামছ উদ্দিন পেয়েছেন ৭৪ হাজার ৭৪ ভোট। অন্যদিকে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপির কলিম উদ্দিন আহমেদ মিলন ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বড় জয় পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট। সুনামগঞ্জের ৫টি আসনেই ধানের শীষের এই নিরঙ্কুশ বিজয়কে জেলার রাজনৈতিক অঙ্গনে বিএনপির শক্তিশালী সাংগঠনিক ভিত্তির প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ