ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এম এ রইচ মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার দুটি সংসদীয় আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। একই দিনে অনুষ্ঠিত গণভোটেও জেলার অধিকাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তাঁদের রায় দিয়েছেন। বৃহস্পতিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
মাগুরা–১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনে বড় জয় পেয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন। এই আসনের ১৫৬টি কেন্দ্রের সবকটির ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল মতিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৬৮২ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজিরুল ইসলাম (হাতপাখা) ১৩ হাজার ৪১৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এই আসনে গণভোটে ১ লাখ ৫৪ হাজার ৬১৬ জন ভোটার ‘হ্যাঁ’ এবং ১ লাখ ১৪ হাজার ৬৯৫ জন ‘না’ ভোট দিয়েছেন।
অন্যদিকে মাগুরা–২ (মহম্মদপুর, শালিখা ও সদরের একাংশ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ১৪৫টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুশতারশেদ বিল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট। তৃতীয় অবস্থানে থাকা হাতপাখা প্রতীকের মোস্তফা কামাল পেয়েছেন ১৬ হাজার ২২৩ ভোট। এই আসনেও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয়জয়কার দেখা গেছে, যেখানে ১ লাখ ৫৭ হাজার ৫৩২ জন ‘হ্যাঁ’ এবং ১ লাখ ৩ হাজার ৯৮০ জন ‘না’ ভোট দিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরার দুটি আসনেই সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনের এই ফলাফল ঘোষণার পর থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিলেও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কোনো বিজয় মিছিল করা হয়নি।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ