দেশে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে

দেশে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে গড় ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক এই তথ্য জানান। কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে গত নির্বাচনের তুলনায় এবার উপস্থিতি প্রায় ১৮ শতাংশ বেড়েছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য ও বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২৯৯টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২১০টি আসনে বিজয় নিশ্চিত করে পরবর্তী সরকার গঠনের পথে রয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোট ৭২টি আসনে জয়লাভ করে শক্ত বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র ও অন্যান্য ছোট দলগুলো ৭টি আসনে জয়ী হয়েছে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। এ ছাড়া এখনো ১০টি আসনের চূড়ান্ত ফলাফল যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তবে সামগ্রিক ফলাফলে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতায় কোনো পরিবর্তন আসবে না। এবার নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের মধ্যে প্রায় ৬ কোটি নারী ও ৬ কোটি পুরুষ ভোটার অংশ নিয়েছেন।

নির্বাচন কমিশন আরও জানায়, এবারের নির্বাচনে কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ পরিসংখ্যান এবং পোস্টাল ব্যালটের বিস্তারিত তথ্য পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এই নির্বাচনকে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন