ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুরুজ মিয়া, শিবপুর (নরসিংদী): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মনজুর এলাহী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩৬ হাজার ১৪ ভোটের বিশাল ব্যবধানে তিনি ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মনজুর এলাহী ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ৮১,৪১৫টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা পেয়েছেন ৪৫,৪০১টি ভোট। প্রায় ৩৬ হাজার ভোটের এই ব্যবধান শিবপুরের নির্বাচনী ইতিহাসে অন্যতম বড় ব্যবধান হিসেবে গণ্য হচ্ছে। ফলাফল ঘোষণার পরপরই শিবপুরের বিভিন্ন এলাকায় আনন্দ-মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা।
বিজয় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে মনজুর এলাহী বলেন, "এই বিজয় আমার নয়, এই বিজয় শিবপুরের সর্বস্তরের মানুষের। মানুষ যে ভালোবাসা ও বিশ্বাস নিয়ে আমাকে ভোট দিয়েছে, আমি আজীবন তাদের সেবা করে সেই বিশ্বাসের মান রাখার চেষ্টা করব। আমার প্রথম লক্ষ্য হবে শিবপুরকে একটি উন্নত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলা।"
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিবপুরে বিএনপির শক্তিশালী সাংগঠনিক ভিত্তি এবং ব্যক্তিগতভাবে মনজুর এলাহীর পরিচ্ছন্ন ভাবমূর্তি এই বিশাল জয়ে মুখ্য ভূমিকা পালন করেছে। দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ