ফেনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও হুইলচেয়ার বিতরণ

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ণ
ফেনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও হুইলচেয়ার বিতরণ

ফেনী প্রতিনিধি: ফেনীতে অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে ডিজঅ্যাবিলিটি এইড সোসাইটির উদ্যোগে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি। এ সময় তিনি বলেন, সুস্থ জীবনযাপনের জন্য আমাদের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সার্বিক শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনা অত্যন্ত জরুরি।

ডিজঅ্যাবিলিটি এইড সোসাইটির চেয়ারম্যান আফতাব মোমিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহরাব হোসেন, ফেনী পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন শিবলু, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম, কানাডা বিএনপির (পশ্চিম) সাধারণ সম্পাদক এস. এম. হুমায়ুন কবির পাটোয়ারী এবং ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রামের সাধারণ সম্পাদক অরূপ চন্দ প্রমুখ।

আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি চলাচলে অক্ষম পাঁচজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে বিনামূল্যে হুইলচেয়ার এবং একজনকে ১টি ওয়াকার তুলে দেন অতিথিরা।

সংগঠনের চেয়ারম্যান আফতাব মোমিন ভূঁইয়া জানান, সমাজের পিছিয়ে থাকা ও প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং তাঁদের স্বাভাবিক জীবনযাত্রায় সহায়তা করতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এআইএল/সকালবেলা