মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক
অনলাইন ডেস্ক: চীনা গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) পদ ছাড়তে বাধ্য হয়েছেন জেনসেন হুয়াং। আলোচিত এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মার্কিন প্রশাসনের অন্দরে বড় ধরনের বিপাকে পড়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বর্তমানে মন্ত্রিত্ব হারানোর তীব্র ঝুঁকিতে রয়েছেন বলে জানা গেছে।
তাকেও পদ থেকে সরানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুজন কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তারা জানিয়েছেন, এআই চিপ প্রস্তুতকারী মার্কিন কোম্পানি এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে সৃষ্ট গুপ্তচর কেলেঙ্কারির প্রেক্ষাপটেই মূলত এই আলোচনা শুরু হয়েছে।
এনভিডিয়ার নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লে’র পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ার পর থেকেই মার্কিন আইনপ্রণেতাদের তীব্র সমালোচনার মুখে আছেন বাণিজ্যমন্ত্রী লুটনিক। অনেক আইনপ্রণেতার সুনির্দিষ্ট অভিযোগ— বর্তমান ট্রাম্প প্রশাসন চীনের বেশ কয়েকটি কোম্পানিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য কালো তালিকাভুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে।
২০২৫ সালের অক্টোবর মাসের পর থেকে নতুন কোনো চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেনি যুক্তরাষ্ট্র, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে দীর্ঘ বিরতি। এছাড়া, চীনে এনভিডিয়ার উন্নত পণ্য রপ্তানির ওপর সরকার যথাযথ ও কঠোর নজরদারি করছে কি না, তা নিয়েও বড় ধরনের প্রশ্ন তুলেছেন তারা। মার্কিন আইনপ্রণেতাদের জোরালো অভিযোগ, চীনে এআই চিপ পাঠানো বন্ধ করতে বা এর লাগাম টানতে যথেষ্ট পদক্ষেপ নেননি লুটনিক।
হোয়াইট হাউসের কর্মকর্তারা লুটনিকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন—রয়টার্সের এমন প্রতিবেদনের পর তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। তবে এর আগে হোয়াইট হাউসের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছিলেন যে, বাণিজ্যমন্ত্রী এবং তার দায়িত্ব পালনের সক্ষমতার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে।
এদিকে সিএনএনের এক সাক্ষাৎকার অনুষ্ঠানে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকান সদস্য জন কেনেডিকে প্রশ্ন করা হয়েছিল, হাওয়ার্ড লুটনিককে মন্ত্রিসভা থেকে অপসারণ করা উচিত কি না। জবাবে জন কেনেডি জানান, তিনি এখনো নিশ্চিত নন, তবে তিনি এবং আরও বেশ কয়েকজন আইনপ্রণেতা এ ব্যাপারে লুটনিককে দ্রুত জনসমক্ষে জিজ্ঞাসাবাদ করতে চান। সিনেটর কেনেডি একে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ হিসেবে অভিহিত করে জানান যে, লুটনিককে জিজ্ঞাসাবাদের জন্য কংগ্রেসে তলব করার পরিকল্পনা চলছে।
অন্যদিকে, ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং ডেলাওয়াবের সিনেটর ক্রিস কুনস যৌথভাবে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তারা রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকফোকরগুলো বন্ধ না করার কারণ ব্যাখ্যার দাবি জানিয়েছেন। পাশাপাশি জেনসেন হুয়াংয়ের সঙ্গে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সম্পর্কের প্রসঙ্গও তুলেছেন সিনেটররা, যে প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জুন থেকে এ পর্যন্ত ৪৮০ কোটি ডলারের বেশি মূল্যের উন্নত এনভিডিয়া এআই চিপ কিনেছে।