বিয়ের আসর থেকে স্বর্ণালংকার নিয়ে উধাও কনেপক্ষ
মোঃ ইউসুফ (হবিগঞ্জ প্রতিনিধি): বিয়ের স্বপ্ন নিয়ে ৪৫ জন বরযাত্রী সঙ্গে করে হবিগঞ্জ থেকে সুদূর রংপুরে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন ফয়ছল নামের এক যুবক। বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই বরপক্ষের দেওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে কনেপক্ষের লোকজন উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগ এনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বর ফয়ছল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী ফয়ছল হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা। তাঁর স্বজনদের সূত্রে জানা যায়, ফয়ছলের বোনের সঙ্গে কনের বড় বোনের আগে থেকেই পরিচয় ছিল। সেই সূত্র ধরেই দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা শুরু হয় এবং উভয় পক্ষের সম্মতিতে বিয়ের দিনক্ষণসহ সব আয়োজন চূড়ান্ত করা হয়।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, গত ১০ নভেম্বর রাতে ৪৫ জন বরযাত্রী নিয়ে রংপুরের উদ্দেশে যাত্রা করেন ফয়ছল। পরদিন রংপুর শহরে পৌঁছালে কনেপক্ষের লোকজন তাঁদের অভ্যর্থনা জানিয়ে একটি কমিউনিটি সেন্টারে নিয়ে যান। বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে বরপক্ষের আনা স্বর্ণালংকার স্থানীয় একটি জুয়েলারি দোকানে যাচাইও করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, এরপর কনেকে সাজানোর কথা বলে একটি বিউটি পার্লারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কনের হাতে বরপক্ষের আনা স্বর্ণালংকার তুলে দেওয়া হয়। একপর্যায়ে কৌশলে বরপক্ষের তিনজন সদস্যকে অন্যত্র সরিয়ে নিয়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ফেলে রেখে আসেন কনেপক্ষের কয়েকজন। এই সুযোগে স্বর্ণালংকারসহ কনেপক্ষের সবাই আত্মগোপনে চলে যান।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, বিয়ের আয়োজনকে কেন্দ্র করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিয়ের আয়োজনে অংশ নিতে গিয়ে এমন অভিনব প্রতারণার শিকার হওয়ায় চরম হতাশ ও ক্ষুব্ধ ফয়ছল ও তাঁর পরিবার। তাঁরা দ্রুত খোয়া যাওয়া স্বর্ণালংকার উদ্ধার এবং প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা