দোয়ারাবাজার সীমান্তে পাচারকারীসহ ৭ জন আটক

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ণ
দোয়ারাবাজার সীমান্তে পাচারকারীসহ ৭ জন আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ছয়জন বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে হাতেনাতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বাঁশতলা বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ অভ্যন্তরে ‘শহীদ মিনার’ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, আটককৃত ছয় বাংলাদেশি নাগরিকের মধ্যে দুজন গোপালগঞ্জ এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করে বিভিন্ন শ্রমজীবী পেশায় নিয়োজিত ছিলেন। তবে তাঁরা কোন রুটে বা সিন্ডিকেটের মাধ্যমে ভারতে গিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে কোন উদ্দেশ্যে দেশে ফিরছিলেন এবং এর পেছনে কোনো আন্তর্জাতিক মানব পাচারচক্রের হাত রয়েছে কি না—সে বিষয়ে নিবিড় গোয়েন্দা তদন্ত শুরু হয়েছে।

অভিযানকালে ওই নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পারাপারের সহায়তাকারী স্থানীয় এক কুখ্যাত মানব পাচারকারীকেও আটক করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে চক্রের অন্য দুজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক অপরাধীদের গ্রেফতারে বিজিবির সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত ২১ অক্টোবর একই বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে মানব পাচারের শিকার দুজন নাগরিক ও একজন পাচারকারী আটক হয়েছিল। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় নিয়মিত মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আন্তর্জাতিক সীমান্ত রেখার অখণ্ডতা এবং দেশের সার্বিক নিরাপত্তা রক্ষায় বিজিবি আপসহীন ও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষাকে ত্রুটিহীন করতে ড্রোন টহল, সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনসহ গোয়েন্দা নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত পেরিয়ে যেকোনো দুষ্কৃতিকারীর অনুপ্রবেশ রুদ্ধ করতে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা