০ রানে ৩ উইকেট হারিয়ে ভারতের লজ্জার রেকর্ড
ক্রীড়া ডেস্ক: মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে বিপর্যয়কর এক পরিস্থিতিতে পড়েছে ভারত। কিউই পেসার ম্যাট হেনরির বিধ্বংসী বোলিং তোপে ধসে পড়েছে ভারতের শক্তিশালী টপ অর্ডার। ম্যাচের শুরুতে আউট হওয়া প্রথম তিন ব্যাটারের কেউ রানের খাতা খুলতে পারেননি।
০ রানে ৩ উইকেট হারিয়ে ওয়ানডে ক্রিকেটে একটি লজ্জার রেকর্ড গড়েছে ভারত। দলটির ১০৮৮ ম্যাচের ৫২ বছরের ওয়ানডে ইতিহাসে এমন ঘটনা এই প্রথম ঘটল, যেখানে কোনো রান যোগ করার আগেই দলের প্রথম ৩ ব্যাটার সাজঘরে ফিরে গেছেন।
৩৩৪ রানের বড় ও চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নামা ভারতীয় দলকে ইনিংসের শুরুতেই খাদের কিনারায় ঠেলে দেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। তাঁর নিখুঁত ও আগ্রাসী বোলিংয়ের সামনে সম্পূর্ণ অসহায় আত্মসমর্পণ করেন দলের দুই মহাতারকা—রোহিত শর্মা (০) ও বিরাট কোহলি (০)। দুই অভিজ্ঞ তারকার দেখানো পথেই দ্রুত প্যাভিলিয়নে ফেরেন নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার (০)।
রোহিত, কোহলি ও আইয়ারের পর একে একে আউট হয়ে যান রুতুরাজ গায়কোয়াড় ও অক্ষর প্যাটেলও। শুরুর এই বিপর্যয় কাটিয়ে পরাজয়ের ব্যবধান কমানোর লড়াই চালিয়ে যাচ্ছেন ঈশান কিষান ও নামান ধীর।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৩৩ রানের পাহাড়ে চড়ে নিউজিল্যান্ড। দলের পক্ষে উইল ইয়াং দুর্দান্ত একটি সেঞ্চুরি এবং টিম সাইফার্ট অসাধারণ একটি ফিফটি উপহার দেন। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতে ভারত ইতিমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে এবং হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডেটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।