৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার প্রেরণা : রিজভী
অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বর সিপাহী ও জনগণ একসঙ্গে রাস্তায় নেমেছিল আধিপত্যবাদের বিরুদ্ধে। এটি ছিল জনগণের একটি ঐতিহাসিক জাতীয় জাগরণ। ৭ নভেম্বরের প্রেরণা থেকেই আজও আমরা কথা বলতে পারি, সত্য উচ্চারণ করতে পারি এবং যে-কোনো স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাই।
শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের জনগণকে সবসময় স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার প্রবল প্রেরণা যুগিয়েছে। এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও তখন জনগণের প্রকৃত স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। পরবর্তীতে ৭ নভেম্বরের ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে জনগণের স্বাধীনতা, নাগরিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়।
বর্তমান ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা স্পষ্ট করে বলেন, “আমাদের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কারও নির্দেশে পরিচালিত হবে না। বাংলাদেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে। দেশে একক শাসন নয়, বরং প্রকৃত জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে।”
তিনি বলেন, পরবর্তী সময়ে দেশের গণতন্ত্রের ওপর বারবার আঘাত এসেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপসহীন সংগ্রাম করেছেন এবং তাঁর নেতৃত্বে ১৯৯০ সালে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বিগত সরকারের আমলে রাষ্ট্রের চরিত্র পরিবর্তিত হয়ে গুম, গুপ্তহত্যা ও নির্যাতনের মতো ঘটনাগুলো সামনে আসে।
স্বৈরাচার পতনের আন্দোলনে ছাত্র-জনতার ভূমিকার কথা স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিএনপি ও দেশের গণতন্ত্রকামী জনগণ দীর্ঘদিন ধরে অদম্য সংগ্রাম চালিয়ে গেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, রিকশাচালকসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং এই সাহসী আন্দোলনের মাধ্যমেই দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে।
আলোচনাসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।