প্রধানমন্ত্রী পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন ডিসেম্বরে
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে ২০২৭ সালের জানুয়ারি থেকে দেশের প্রায় ১ হাজার ৫০০টি পর্যটন আকর্ষণকে ঘিরে একটি সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের পথ সুগম হবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকায় প্রস্তাবিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ চলাকালীন সরকার মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। পাঁচ দিনব্যাপী এই উৎসবটি আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।
ফারুকী জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির কাছ থেকে যাচাইকৃত মহাপরিকল্পনাটি হাতে পাওয়ার পর ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে ২০২৭ সালের জানুয়ারি থেকেই এর বাস্তবায়ন শুরু করার লক্ষ্য রয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে এই মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়ার পর কোভিড-১৯ মহামারি ও প্রশাসনিক জটিলতায় প্রক্রিয়াটি বারবার বিলম্বিত হয়েছিল।
জাতীয় পর্যটন মহাপরিকল্পনার সারসংক্ষেপ অনুযায়ী, এই নথিতে ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা তুলে ধরা হয়েছে। মহাপরিকল্পনাটিতে দেশের আটটি প্রশাসনিক বিভাগে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ বা আকর্ষণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এতে ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই রূপরেখায় সমুদ্রসৈকত, ইকো-ট্যুরিজম, সাংস্কৃতিক, ঐতিহ্যবাহী, ধর্মীয়, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক, গ্রামীণ, ক্রুজ ও ‘মাইস’ (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) পর্যটন বিকাশের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণ এবং স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ রাখা হয়েছে।
বিটিবি প্রধান জোর দিয়ে বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নের অর্থ কেবল হোটেল বা রিসোর্ট নির্মাণ নয়; বরং গন্তব্যের প্রচারণা, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারদের মধ্যে সমন্বয় সাধনও এর অন্তর্ভুক্ত।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছিলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে পর্যটনকে অন্যতম প্রধান খাত হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের জমিতে আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা গড়ে তোলার পাশাপাশি কক্সবাজারে পিপিপির ভিত্তিতে পর্যটন উন্নয়নে ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করা হয়েছে এবং মোটেল লাবণী চত্বরে একটি আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজ শুরুর কথা জানিয়েছেন।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান এবং প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান এই মহাপরিকল্পনার দ্রুত ও কার্যকর বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তারা অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পেশাদার প্রশিক্ষণ, পরিবেশগত স্থায়িত্ব, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।