বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
অনলাইন ডেস্ক: আগামীকাল শনিবার বিশ্ব ডায়াবেটিস দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এ বছরের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’।
১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে এবং ২০০৭ সাল থেকে পৃথিবীজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব পেশ করে, যা ২০০৬ সালের ২০ ডিসেম্বর সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বর্তমানে শীর্ষ দেশগুলোর একটি। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। বিশ্বে আক্রান্তের এই হারে বাংলাদেশের অবস্থান অষ্টম। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে দেশের এই আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আফসানা জানান, ডায়াবেটিস প্রতিরোধে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এবং উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় জরুরি ভিত্তিতে পরিবর্তন আনতে হবে। এর মধ্যে শরীরের অতিরিক্ত ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা শারীরিক পরিশ্রম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করা অন্যতম।
তিনি পরামর্শ দিয়ে বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী সবার নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এ ছাড়া কম বয়সীদের মধ্যে যাদের অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপ, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (পিসিওএস) কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করানো জরুরি।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও এর অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন জেলায় অধিভুক্ত সমিতিগুলো নানা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা তৈরি করতে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’-এর বিশেষ সংখ্যা প্রকাশ এবং সচেতনতামূলক পোস্টার, লিফলেট ও স্টিকার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সকালবেলা/ নুসরাত