সারের মজুদ বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টনে উন্নীত
অনলাইন ডেস্ক: দেশে রাসায়নিক সারের মজুদ গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়ে বর্তমানে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে। আসন্ন রবি মৌসুমে সারের এই পর্যাপ্ত মজুদের পাশাপাশি প্রকৃত চাহিদা নিরূপণ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করে কৃত্রিম সংকট রোধে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জেলা প্রশাসক (ডিসি) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সামগ্রিক কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা সুরক্ষিত রাখতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক ও উপপরিচালকদের সমন্বিত উদ্যোগ, সঠিক চাহিদাভিত্তিক পরিকল্পনা এবং মজুদ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি বলে মনে করে মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে সারের মোট মজুদ ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন, যা চলতি বছর বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে উন্নীত হয়েছে। বর্তমানে মজুদকৃত সারের মধ্যে রয়েছে: ইউরিয়া: ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন, টিএসপি: ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন, ডিএপি: ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন, এমওপি: ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন
চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন। অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে এবং চলতি নভেম্বর মাসে কৃষকদের চাহিদা মেটাতে মোট ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।
সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় নিশ্চিত করতে প্রতিটি ডিলারের দোকানে মূল্যতালিকা ও মজুদের তথ্য দৃশ্যমান রাখা, মজুদদারি, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় এবং সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান পরিচালনা করা। এ ছাড়া প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছাতে কৃষক কার্ড ও তালিকা ব্যবহার এবং শিল্পকারখানায় কৃষি সারের অপব্যবহার রোধে কঠোর নজরদারি বজায় রাখতে বলা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম বলেন, “আসন্ন রবি মৌসুমে দেশের কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে আমরা অত্যন্ত তৎপর রয়েছি। সারা দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে ১৪ জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যারা সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ও মাঠ প্রশাসনের কাজ সমন্বয় করবেন।” কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত সার কিনে ঘরে সংরক্ষণ না করারও অনুরোধ জানান তিনি।
এদিকে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান জানান, কঠোর মনিটরিংয়ের কারণে এবারও আমনের বাম্পার ফলন হয়েছে। দেশের খাদ্য নিরাপত্তার বড় উৎস উত্তরাঞ্চলের ফসলের নিবিড়তার কথা চিন্তা করে আসন্ন রবি মৌসুমে সার সরবরাহ নির্বিঘ্ন রাখতে রাজশাহী, খুলনা ও রংপুরের ২৬টি জেলায় কৃষি মন্ত্রণালয় থেকে ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সার ব্যবস্থাপনা মনিটরিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে রবি মৌসুমে দেশে সারের কোনো ঘাটতি হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
সকালবেলা/ নুসরাত