শুক্রবার সারা দিন যে ৩ দোয়া বেশি বেশি পড়বেন
ইসলামী জীবন ডেস্ক: মুসলমানদের জন্য জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। পবিত্র হাদিসে জুমার দিনে করণীয় বেশ কিছু ফজিলতপূর্ণ আমলের কথা বর্ণিত রয়েছে। এর মধ্যে অন্যতম একটি বিশেষ আমল হলো মহান আল্লাহ তাআলার কাছে একাগ্রচিত্তে দোয়া করা। কারণ জুমার দিন হলো দোয়া কবুলের দিন এবং এই দিনের দোয়া বিশেষভাবে কবুল করা হয়।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন।’ এরপর রাসুলুল্লাহ (সা.) হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। (সহিহ বুখারি, হাদিস : ৬৪০০)
আলেমদের মতে, জুমার দিন বিশেষ করে আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টিতে বেশি বেশি দোয়া করা উচিত। এ দিনে যেকোনো নেক দোয়াই করা যায়। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি দোয়া নিচে তুলে ধরা হলো:
১. দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভের দোয়া:
আরবি: رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ: ‘রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাহ, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়াকিনা আজাবান্নার।’
অর্থ: ‘হে আমার রব! আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাকে জাহান্নামের আজাব থেকে বাঁচান।’ (সুরা : বাকারা, আয়াত : ২০১)
২. উত্তম জীবন যাপনের দোয়া:
আরবি: اَللَّهُمَّ اِنِّى أَسْألُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুক্বা ওয়াল আফাফা ওয়াল গেনা।’
অর্থ: ‘হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়াত কামনা করি, আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে নৈতিক পবিত্রতা ও সম্পদ তথা সামর্থ্য ও সচ্ছলতা কামনা করি।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৭২১; তিরমিজি, হাদিস : ৩৪৮৯)
৩. মা-বাবাসহ সকল মুমিনের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া:
আরবি: رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
উচ্চারণ: ‘রব্বানাগ-ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়্যা ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।’
অর্থ: ‘হে আমাদের রব! আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে আপনি সেই দিন ক্ষমা করে দেবেন; যেই দিন হিসাব কায়েম করা হবে।’ (সুরা : ইবরাহিম, আয়াত : ৪১)
আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লিখিত দোয়াগুলো নিয়মিত পাঠ করার এবং বিশেষ করে জুমার দিনের দোয়া কবুলের মুহূর্তগুলোতে বেশি বেশি আমল করার তাওফিক দান করুন। আমিন।