মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ
আমিরুল ইসলাম লুকমান, সকালবেলা অনলাইন: সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন বিশ্ববিখ্যাত ইসলামি স্কলার, শাইখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকী উসমানী। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত তাঁর এই সফর অনুষ্ঠিত হবে। 

বুধবার (১১ নভেম্বর) শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মিজানুর রহমান সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁর এই চূড়ান্ত সফরসূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারীরিক অবস্থা ও বার্ধক্যজনিত দুর্বলতার কারণে এর আগে তাঁর সফরসূচিতে একাধিকবার পরিবর্তন আনা হয়েছিল। শুরুতে দৈনিক একাধিক প্রোগ্রামে অংশ নেওয়ার সম্মতি দিলেও গত ৬ নভেম্বর সর্বশেষ সফরসূচি চূড়ান্ত করার সময় বেশ কিছু কর্মসূচি কাটছাঁট করা হয়। ফলে পূর্বনির্ধারিত অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাদ দিয়ে কেবল অনুমোদিত নির্দিষ্ট কয়েকটি অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।

চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, আগামী ২২ নভেম্বর বাদ মাগরিব বা বাদ এশা ঢাকার শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ১৫ সালা দস্তারবন্দী ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে যোগ দেবেন তিনি। পরদিন ২৩ নভেম্বর বাদ এশা রাজধানীর ধুপখোলা মাঠে জামিয়া আরাবিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দী সম্মেলনে এবং ২৪ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় উপস্থিত থাকবেন।

সফরের চতুর্থ দিন ২৫ নভেম্বর দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত নরসিংদীর হ্যারিটেজ রিসোর্টে যাত্রাবিরতি শেষে বাদ এশা সিলেট আলিয়া মাঠে উলামা সম্মেলনে বক্তব্য রাখবেন মুফতি তাকী উসমানী। ২৬ নভেম্বর বাদ মাগরিব বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক ও হাইয়া কর্তৃক আয়োজিত উলামা সম্মেলনে অংশ নেবেন তিনি।

এ ছাড়া ২৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে জুমার খুতবা ও আম বয়ান এবং একই দিন বাদ এশা কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহী সম্মেলনে যোগ দেবেন। সফরের শেষ দিন ২৮ নভেম্বর বাদ মাগরিব জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারী প্রদানের মাধ্যমে তাঁর এই সফর সমাপ্ত হবে।

এআইএল/সকালবেলা