আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ওলামা অ্যালায়েন্স
সকালবেলা অনলাইন: নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সংগঠনটির একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত মাদরাসা ভবন পরিদর্শন করেছে এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসানের নেতৃত্বে এই প্রতিনিধিদল পরিদর্শনে অংশ নেয়। এ সময় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন আহত শিক্ষার্থীদের পাশে থাকার এবং সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জোরালো আশ্বাস দেন।
প্রতিনিধিদলের পক্ষ থেকে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত রোগমুক্তি কামনা করা হয়। একই সঙ্গে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত মাদরাসাটি দ্রুত পুনর্বাসনে সরকার ও দেশের বিত্তবানদের আন্তরিক সহযোগিতার আহ্বান জানানো হয়। পরিদর্শনকালে সংগঠনটির কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববারের ওই অগ্নিকাণ্ডে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৬৩ জন শিক্ষার্থী বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের চিকিৎসায় ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের পক্ষ থেকে দেশবাসীর কাছে চিকিৎসাধীন শিক্ষার্থীদের আশু আরোগ্যের জন্য বিশেষ দোয়ার অনুরোধ জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা