নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন
আবু ইউসুফ (নওগাঁ প্রতিনিধি): নওগাঁয় শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাইপাস গাবতলী মোড় নামক স্থানে পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ তার মধ্যে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সময় বাস দুটিতে কোনো চালক বা হেলপার ছিলেন না এবং আশপাশেও সন্দেহজনক কাউকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাস দুটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তদন্ত করছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
এআইএল/সকালবেলা