ভাঙ্গায় মশাল মিছিলের অভিযোগে ৪ কিশোর গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ণ
ভাঙ্গায় মশাল মিছিলের অভিযোগে ৪ কিশোর গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে মশাল মিছিল করার অভিযোগে চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুরপুর এলাকায় প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির সমর্থনে ভাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ওই মশাল মিছিল বের করা হয়েছিল। এ সময় সরকারবিরোধী অপতৎপরতা, উসকানিমূলক স্লোগান ও জনমনে ভীতি সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাহুল ইসলাম (১৭), আশিক শেখ (১৬), সামিউল শেখ (১৫) এবং আমির হামজা ওরফে নুর (১৭)। তারা সবাই ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা