নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন : ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ভর্তি

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন : ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ভর্তি
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আগুন

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার পর অতিরিক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে অন্তত ৬৩ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়েছেন। তাদের সবাইকে দ্রুত উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এর মধ্যে একজনকে লাইফ সাপোর্ট বা ভেন্টিলেটর দেওয়া হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৯ নভেম্বর ২০২৬) দিবাগত রাত দুইটার দিকে সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে লাইব্রেরির ভেতরের বইপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে জানান, হাসপাতালে ভর্তি হওয়া ৬৩ জন শিক্ষার্থীর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন তিনজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তারা হলেন— ১৮ বছর বয়সী ইউসুফ, ২২ বছর বয়সী খাইরুল এবং ১৮ বছর বয়সী জোবায়ের। অতিরিক্ত ধোঁয়ায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাঁচপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালায়। পরে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানান, গভীর রাতে হঠাৎ মাদ্রাসার একটি অংশে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে পুরো ভবনে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত শিক্ষার্থীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে নিচে নামার চেষ্টা করেন। এই ছোটাছুটি ও অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার কারণে প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় থাকা শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।