সৌদি তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল

প্রকাশ: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ
সৌদি তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল

সকালবেলা অনলাইন: পবিত্র মদিনা মুনাওয়ারার বিশিষ্ট বাসিন্দা ও তাবলিগ জামাতের আন্তর্জাতিক শীর্ষস্থানীয় প্রবীণ মুরব্বি শেখ গাসসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই প্রয়াণে বিশ্বজুড়ে তাবলিগ জামাতের সঙ্গে সংশ্লিষ্ট আলেম, মুরব্বি ও সাধারণ অনুসারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তাঁর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

শেখ গাসসান ছিলেন মদিনা মুনাওয়ারার আহলে বাইতের একজন অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি বিশ্ব তাবলিগের শীর্ষস্থানীয় আলেম হজরত মাওলানা এনামুল হাসান (রহ.), হজরত মাওলানা জুবাইরুল হাসান (রহ.) এবং হজরত মাওলানা ইবরাহিম দেওলা (হাফি.)-এর দীর্ঘ সান্নিধ্যে থেকে দ্বীনের খেদমত করেছেন এবং বিশ্বব্যাপী দাওয়াতি তৎপরতায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

জানা যায়, প্রায় পাঁচ দশক আগে উচ্চশিক্ষার উদ্দেশ্যে শেখ গাসসান ও তাঁর সহচর শেখ ফাদিল যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে যান। ইউনিভার্সিটি অব ডেনভারে অধ্যয়নকালেই তারা তাবলিগের মেহনতের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন এবং উত্তর আমেরিকায় বসবাসরত আরব জনগোষ্ঠীর মাঝে দাওয়াতের কাজ শুরু করেন। পরবর্তীতে পড়াশোনা শেষ করে দেশে ফিরে শেখ গাসসান মদিনা মুনাওয়ারায় এবং শেখ ফাদিল জেদ্দায় দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন।

আহলে বাইতের সদস্য হওয়ার সুবাদে আরব বিশ্বের বিশিষ্ট মাশায়েখ ও প্রশাসনিক মহলে শেখ গাসসানের বিশেষ গ্রহণযোগ্যতা ছিল। তিনি সেই গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে আরবের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতেন। হজরত মাওলানা এনামুল হাসান (রহ.)-এর ইন্তেকালের পর তাঁরা পাকিস্তানের শীর্ষ মুরব্বি হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.)-এর দিকনির্দেশনায় কাজ পরিচালনা করতেন।

২০১৬-১৭ সালের দিকে তাবলিগের অভ্যন্তরীণ সংকট নিরসনেও তিনি অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন। পাকিস্তানের শীর্ষ মুরব্বিদের নির্দেশে তিনি ও শেখ ফাদিল ভারতের নিজামুদ্দিন মারকাজে গিয়ে মাওলানা সাদ কান্ধলভীর সঙ্গে আলোচনা ও ভুলত্রুটি সংশোধনের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টা চালান।

বাংলাদেশের তাবলিগের সাথিদের সঙ্গেও শেখ গাসসানের দীর্ঘদিনের আত্মিক যোগাযোগ ছিল। তিনি প্রতিবছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে আসতেন এবং এ দেশের আলেম ও তাবলিগি ভাইদের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখতেন। এর আগে ২০২০ সালে ইন্দোনেশিয়া সফরে থাকাকালীন তাঁর দীর্ঘদিনের সফরসঙ্গী শেখ ফাদিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এবার শেখ গাসসানের প্রয়াণে বিশ্ব তাবলিগ জামাত একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ দাঈকে হারাল।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করা হয়েছে।

এআইএল/সকালবেলা