ফরিদাবাদ মাদ্রাসায় আল-আজহারের তত্ত্বাবধানে শুরু হচ্ছে আরবি ভাষা কোর্স

প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ণ
ফরিদাবাদ মাদ্রাসায় আল-আজহারের তত্ত্বাবধানে শুরু হচ্ছে আরবি ভাষা কোর্স

সকালবেলা অনলাইন: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের আরবি ভাষা শিক্ষা অর্জনের এক নতুন সুযোগ তৈরি হচ্ছে। মিসরের বিশ্বখ্যাত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহারের সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনায় রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদে শুরু হচ্ছে বিশেষ আরবি ভাষা শিক্ষা কার্যক্রম।

'আল-আজহার আরবি ভাষা শিক্ষা কেন্দ্র, বাংলাদেশ' নামে এ কার্যক্রমের প্রথম ব্যাচে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। গত ২ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজ দেশেই আল-আজহারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত আরবি ভাষা শিক্ষা কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। কোর্সের সনদ সরাসরি আল-আজহার কর্তৃক স্বীকৃত ও গৃহীত হবে। ফলে এ কোর্স সফলভাবে সম্পন্নকারীদের ভাষা শিক্ষার জন্য পুনরায় আল-আজহারে যাওয়ার প্রয়োজন হবে না।

কেন্দ্রটির পুরো শিক্ষা কার্যক্রম আল-আজহারের সরাসরি দিকনির্দেশনায় পরিচালিত হবে। আল-আজহার থেকে নিয়োজিত দক্ষ ও বিশেষজ্ঞ শিক্ষকেরা সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করবেন। এতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম ও আধুনিক পদ্ধতিতে আরবি ভাষা আয়ত্ত করার সুযোগ পাবেন।

এ ছাড়া কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের প্রস্তুতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। যোগ্য ও নির্বাচিত শিক্ষার্থীদের জন্য আল-আজহারের বিশেষ বৃত্তি লাভের সুযোগও থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আরবি ভাষা শিখতে আগ্রহী সকল শিক্ষার্থীর জন্য ভর্তি উন্মুক্ত থাকবে। বিশেষ করে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের ভাষাগত দক্ষতা অর্জন এবং পরবর্তী শিক্ষাজীবনের প্রস্তুতিতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে আরবি ভাষা শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত হবে।

এআইএল/সকালবেলা