বাবাকে বাসায় আনলেন হাফেজ তাশরীফ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ণ
বাবাকে বাসায় আনলেন হাফেজ তাশরীফ

অনলাইন ডেস্ক: পারিবারিক বিরোধের নানা আলোচনার পর অবশেষে নিজের বাবার সঙ্গে এক হয়েছেন আলোচিত ইসলামী বক্তা ও হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফ। সব মতভেদ কাটিয়ে বাবা মাওলানা হেদায়েতুল্লাহকে নিজের বাসায় নিয়ে এসেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেন হাফেজ তাশরীফ। ভিডিওটির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, "আমার বাসায় মেহমান হলেন এবং নতুন গাড়িতে চড়লেন আমার বাবা।"

প্রকাশিত ভিডিওতে হাফেজ তাশরীফকে তাঁর বাবাকে কেক খাইয়ে দিতে এবং হাতে উপহার সামগ্রী তুলে দিতে দেখা যায়।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফেজ তাশরীফ ও তাঁর বাবার পারিবারিক বিষয় নিয়ে ব্যাপক চর্চা ও বিতর্ক তৈরি হয়েছিল। সব সংকট ও দূরত্ব ঘুচিয়ে পিতা-পুত্র আবারো একত্রিত হওয়ায় অনুসারীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

পরবর্তীকালে বাবার সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে তাশরীফ লেখেন, "আমাদের পিতা-পুত্রের এই ছবি দেখে অনেকের কষ্ট হচ্ছে। সব জানার পরও যারা বাজে মন্তব্য করছেন, তারা আল্লাহর কাছে কী জবাব দেবেন?" অনলাইনে অনেকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে নিজেদের বড় ভাবার চেষ্টা করছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এআইএল/সকালবেলা