টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ণ
টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রেজাউল করিম মজুমদার (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল্লাহ আল জাবের (১৭) নামে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে মাদ্রাসার প্রধান ফটকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠানের ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজপথে নেমে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ অবরোধ করেন। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পথচারী ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীরা জানান, এই মহাসড়কে প্রতিনিয়ত শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। গত আগস্ট মাসেও একই স্থানে কাভার্ডভ্যানের ধাক্কায় ইয়াসিন আলী নামে তাঁদের এক সহপাঠী নিহত হন। সে সময় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি এক সপ্তাহের মধ্যে ফুটওভার ব্রিজ ও স্পিডব্রেকার নির্মাণের প্রতিশ্রুতি দিলেও দুই মাস পার হলেও তার কোনো বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণ, স্পিডব্রেকার স্থাপন, আহত শিক্ষার্থীর সুচিকিৎসা এবং নিরাপদ সড়কের চার দফা দাবিতে তাঁরা রাজপথে অবস্থান নেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছেন। ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এআইএল/সকালবেলা