বিজয়নগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সামজাদ জসি (সিনিয়র স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১২২ কেজি গাঁজাসহ মো. রিপন মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ টিম বামুটিয়া এলাকার মাদক কারবারি মো. রিপন মিয়ার বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে পুলিশ জব্দ তালিকা মূলে মাদকদ্রব্য জব্দ করে এবং অভিযুক্ত রিপন মিয়াকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. রিপন মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা