মৌলভীবাজারে সাবানা হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ণ
মৌলভীবাজারে সাবানা হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

তিমির বনিক (মৌলভীবাজার প্রতিনিধি): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামিকে সাত বছর ও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন—উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামের ফারুক মিয়ার ছেলে মো. নাসির মিয়া (২৬) ও গিয়াস মিয়া (২৫) এবং মৃত মতন মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩০) ও দুলাল মিয়া (২৬)। আদালত তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন। মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অপর দুই আসামি মহিবুর রহমান ওরফে অমৃত মিয়াকে (৫০) দণ্ডবিধির ৩২৬ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জয়নাল আবেদীনকে (৫৫) দণ্ডবিধির ৩২৩ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের পূর্ববর্তী হাজতবাসের সময় সাজা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে, জাবেদ মিয়া, হাসি বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাসার মিয়া, মো. আলী ইসলাম ও নাজমিন বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। আদালতের আদেশে অর্থদণ্ডের টাকা ভুক্তভোগীর পরিবারের সদস্যদের দেওয়ার নির্দেশ রয়েছে।

এআইএল/সকালবেলা