মহাস্থান বাজারে শীতের সবজি, হতাশ কৃষক
ওয়াফিক শিপলু (বগুড়া প্রতিনিধি): বগুড়ার মহাস্থান পাইকারি বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন নানা ধরনের সবজি। ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, লাউ ও পাতাপেঁয়াজসহ বিভিন্ন সবজিতে বাজার ভরপুর থাকলেও আগাম সবজি চাষ করে প্রত্যাশিত লাভের মুখ দেখছেন না কৃষকেরা। কৃষি উপকরণের দাম ও উৎপাদন খরচ বাড়লেও বাজারে কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে তাঁদের। অন্যদিকে, পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় চাপের মুখে পড়েছেন পাইকারি ব্যবসায়ীরাও।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ সবজি চাষের প্রতিটি ধাপেই খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। তবে বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় কাঙ্ক্ষিত দাম মিলছে না। ফলে বাড়তি উৎপাদন খরচ তুলে এনে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে। এবার প্রচুর জমিতে আগাম শীতকালীন সবজির চাষ হওয়ায় বাজারে সরবরাহ বেড়ে দাম কমেছে বলে জানান তাঁরা।
অন্যদিকে, মহাস্থান পাইকারি বাজারের ব্যবসায়ীরা জানান, কৃষকদের কাছ থেকে সবজি কিনে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে পরিবহন খরচ ও শ্রমিক মজুরিসহ আনুষঙ্গিক ব্যয় অনেক বেড়ে গেছে। সবজি পচনশীল পণ্য হওয়ায় দ্রুত বিক্রি না করলে লোকসানের ঝুঁকি থাকে, তাই বাড়তি খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়ানো সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্টদের মতে, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরবরাহব্যবস্থায় পরিবহন ব্যয় কমানো সম্ভব না হলে কৃষকদের আর্থিক ঝুঁকি আরও বাড়তে পারে।
এআইএল/সকালবেলা