প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

অনলাইন ডেস্ক: জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের নির্ধারিত যাত্রা সাময়িকভাবে স্থগিত রয়েছে এবং তারা বিমানবন্দরে অপেক্ষা করছেন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা নির্ধারিত ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৩৭৭’ ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেওয়ার প্রাক্কালে কারিগরি সমস্যার মুখে পড়ে।

বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডিং সম্পন্ন হওয়ার পর উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরবর্তীতে রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে উড়োজাহাজের স্পয়লার সংক্রান্ত ত্রুটির সংকেত দেখতে পান পাইলট। কোনো প্রকার ঝুঁকি না নিয়ে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে পুনরায় নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে আনেন। উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় গতি নিয়ন্ত্রণে এবং উড্ডয়নের বিভিন্ন পর্যায়ে গতিশীলতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে স্পয়লারে ত্রুটি ধরা পড়ায় নিরাপদ পরিচালনার স্বার্থে এই সতর্কতা অবলম্বন করা হয়।

ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই বিমানটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেছেন নিয়োজিত প্রকৌশলীরা। সংশ্লিষ্ট প্রকৌশলী দলের তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি বিশেষ কারিগরি দল ত্রুটি নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ত্রুটি সম্পূর্ণরূপে মেরামত করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য অবস্থায় আনতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে পূর্ণাঙ্গ কারিগরি পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই ফ্লাইটটির পরবর্তী গন্তব্যের যাত্রা নিশ্চিত হবে।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের এক গুরুত্বপূর্ণ সরকারি সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং দেশটির শীর্ষস্থানীয় বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। সফর শেষে দেশে ফেরার পথে এই যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটে।

সকালবেলা / নুসরাত