মুন্সীগঞ্জে বাবা-মেয়েকে নির্মমভাবে কুপিয়ে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে বাবা-মেয়েকে নির্মমভাবে কুপিয়ে হত্যা

সকালবেলা অনলাইন: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছরের শিশু তোয়াবা আক্তারকে চোখ উপড়ে হত্যার পর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন তার বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এর আগে, একই দিন সকাল ৯টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের পাশে একটি পরিত্যক্ত জমি থেকে শিশু তোয়াবার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গোলাপ হোসেন দোসরপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রামকৃষ্ণদী এলাকায় একটি ইটভাটায় কাজ শেষে বাবার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে বাবা ও মেয়ের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে গোলাপকে কুপিয়ে জখম করা হয় এবং শিশু তোয়াবার চোখ উপড়ে হত্যা করে ইটভাটার পাশের জমিতে ফেলে রাখা হয়।

তোয়াবার স্বজনেরা জানান, প্রতিবেশীর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাঁদের ধারণা।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা