বিদ্যুৎ উৎপাদনে রূপপুরের প্রথম ইউনিটের চূড়ান্ত অনুমোদন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ণ
বিদ্যুৎ উৎপাদনে রূপপুরের প্রথম ইউনিটের চূড়ান্ত অনুমোদন

সকালবেলা অনলাইন: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বহুল প্রতীক্ষিত ‘পাওয়ার স্টার্টআপ’ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর চূড়ান্ত অনুমোদন মিলেছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন প্রদান করেছে।

এই অনুমোদন মেলার মাধ্যমে প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর নিয়ন্ত্রিত বিভাজন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর ফলে পারমাণবিক চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদ উপায়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ইতিপূর্বে পরিচালিত সকল পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রকল্পের কার্যক্রমে এই অগ্রগতি এলো।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা মেনে এবং রাশিয়ার সরাসরি সহযোগিতায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের 'বি-ওয়ান' ধাপ সফলভাবে সমাপ্ত হয়েছে। সম্প্রতি স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার যে জটিলতা দেখা দিয়েছিল, তা-ও নিরসন করা হয়েছে।

পরবর্তী ধাপ 'বি-টু'-তে প্রাথমিক অপারেশনের জন্য পারমাণবিক চুল্লিকে সম্পূর্ণ প্রস্তুত করার পরপরই শুরু হবে 'ক্রিটিক্যালিটি' পর্যায়। এই ধাপে বিদ্যুৎ উৎপাদন ধীরে ধীরে বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব হলে বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করা হবে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের 'ভিভিইআর-১২০০' রিঅ্যাক্টরের প্রারম্ভিক লোডিংয়ের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহের কাজ শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা 'রোসাটম'।

এআইএল/সকালবেলা