হকার বসলে উচ্ছেদ চলবে, মালামাল জব্দ হবে: ডিএসসিসি প্রশাসক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ণ
হকার বসলে উচ্ছেদ চলবে, মালামাল জব্দ হবে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে টানা দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের নেতৃত্বে জিরো পয়েন্ট থেকে মাজার রোড হয়ে স্টেডিয়াম মার্কেট এলাকার ফুটপাতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, "যত দিন হকাররা অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে বসবে, তত দিন আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। বারবার উচ্ছেদের পরও আবার বসলে মালামাল জব্দ করা ছাড়াও আইনানুযায়ী মামলা করা হবে, প্রয়োজনে তাঁদের গ্রেপ্তারও করা হবে।"

তিনি আরও উল্লেখ করেন, হকারদের পুনর্বাসনের জন্য হলিডে মার্কেট ও নৈশকালীন মার্কেটের মতো নির্ধারিত ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পুরো ঢাকা শহরের প্রধান রাজপথ ও ফুটপাত দখল করে ব্যবসা চালাতে দেওয়া সম্ভব নয়। সাধারণ নগরবাসীর স্বাভাবিক চলাচল ও নির্মল পরিবেশ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হকারদের শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে উদ্যোগের কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, নির্ধারিত স্থান ও নির্দিষ্ট সময়ে ব্যবসার পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে কার্ড চালুর বিষয়টি ভাবা হচ্ছে। ফলে নিয়মের বাইরে গিয়ে কেউ পরিবেশ দূষণ বা রাস্তা দখল করলে আর ছাড় দেওয়া হবে না।

এআইএল/সকালবেলা