সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী নববিবাহিত যুবক নিহত
নাজমুল হাসান (মাদারীপুর প্রতিনিধি): মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় তানভীর হাওলাদার (২৫) নামের এক ইতালি প্রবাসী যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মাত্র ১৫ দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ওই যুবকের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তানভীর হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের দেলোয়ার হাওলাদারের একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে তানভীর মোটরসাইকেল চালিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়ক অতিক্রম করার সময় একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা ওই ট্রাকের চাকা তাঁর ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তানভীর দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন এবং মাত্র ১৫ দিন আগে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নতুন জীবনের রঙিন স্বপ্ন দেখার কথা থাকলেও সেই আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে যায়। তাঁর এমন আকস্মিক প্রয়াণে পরিবারে চলছে শোকের মাতম; স্বজনদের আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।
এআইএল/সকালবেলা