জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ
জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার

বি.এম. হানিফ (কালকিনি, ডাসার প্রতিনিধি): আসন্ন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কালকিনি উপজেলার কৃতি সন্তান মো. মিরাজ হাওলাদার। ইতোমধ্যে নিজের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও সামাজিক সেবার মাধ্যমে তিনি পুরো উপজেলাজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সাড়া দেখে একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মিরাজ হাওলাদার বলেন, "নির্বাচন করতে কোনো দলীয় পদের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা আর সমর্থন। দেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন করার সাংবিধানিক অধিকার সবারই রয়েছে। আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাওয়ায় জনগণের মাঝে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। শেষ পর্যন্ত জনগণের এই ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি ভোটের মাঠে লড়াই চালিয়ে যাব।"

উপজেলার সার্বিক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, "সাধারণ মানুষ আমাকে নির্বাচিত করলে কালকিনিকে একটি আধুনিক ও উন্নয়নের রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও বেকার যুবকদের কর্মসংস্থানসহ প্রতিটি খাতে পরিকল্পিত ও টেকসই উন্নয়ন করা হবে।"

এদিকে স্থানীয় ভোটারদের মতে, মো. মিরাজ হাওলাদার একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব ব্যক্তিত্ব। তাঁর এই ক্রমবর্ধমান জনপ্রিয়তায় কালকিনির সাধারণ মানুষের মাঝে নতুন আশা ও প্রত্যাশার সঞ্চার হয়েছে।

এআইএল/সকালবেলা