জামালপুরে ছাত্রদলের পাঁচ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ
জামালপুরে ছাত্রদলের পাঁচ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত

মোঃ ইমরান মাহমুদ (জামালপুর প্রতিনিধি): জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৫ কিলোমিটার ম্যারাথন রান’ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই ম্যারাথন শুরু হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবিপ্রবি শাখার আয়োজনে অনুষ্ঠিত এই ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী হোসেন, রেজিস্ট্রার সরওয়ার জাহান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক এবং মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং গণতন্ত্র ও দেশকে ধারণ করে জাবিপ্রবি ছাত্রদলের এই ম্যারাথন আয়োজন একটি ব্যতিক্রমী উদ্যোগ। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের মাধ্যমে সুস্থ ও দক্ষ জাতি গঠনে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন বলেন, "বিশ্ববিদ্যালয় কেবল অবকাঠামো নয়, এটি জ্ঞান চর্চা ও সৃষ্টির কেন্দ্র। তরুণদের মাদক ও নেতিবাচকতা থেকে দূরে রেখে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে এ ধরনের সৃজনশীল কর্মসূচি নিয়মিত চালিয়ে যেতে হবে।"

আয়োজকরা জানান, অনলাইন নিবন্ধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা এই ম্যারাথনে অংশ নেন। অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, মেডেল, সনদপত্র, খাবার ও চিকিৎসাসহ সার্বিক সুবিধা প্রদান করা হয়। প্রতিযোগিতা শেষে ছেলে ও মেয়ে উভয় ক্যাটেগরিতে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

এআইএল/সকালবেলা