পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার: পাবনার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের গোপীনাথপুর এলাকার বিলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির।
আহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—ওই এলাকার ভাই ভাই মোড় এলাকার শাহাবুলের ছেলে আব্দুল্লাহ এবং ইসমাইল মোল্লার ছেলে রব্বেল। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ নিহতদের লাশ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এআইএল/সকালবেলা